বিলাসবহুল হোটেলে ১০২ দিন, ১২ লাখ বাকি রেখে পালালেন তিনি
কোনো রকমের মূল্য পরিশোধ না করেই বিলাসবহুল একটি আবাসিক হোটেলে শতাধিক দিন ছিলেন। বিল উঠেছিল ২৫ লাখ ৯৬ হাজার রুপি। পরিশোধও করেছিলেন ১৩ লাখ ৬২ হাজার রুপি। কর্তৃপক্ষ নিশ্চিত ছিল, যেদিন চলে যাবে সেদিন সব বিল চুকিয়ে দেবে। কিন্তু ১২ লাখ রুপি বাকি রেখে পালিয়েছেন তিনি।
ঘটনাটি হায়দারাবাদের। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যক্তির নাম শংকর নারায়ণ। আর তিনি হায়দারাবাদের বিলাসবহুল তাজ বাঞ্জারা হোটেলে ছিলেন। কর্তৃপক্ষের দেয়া হিসাব মতে, শংকর নারায়ণ তাদের হোটেলে ১০২ দিন ছিলেন।
লাখ টাকার বিল পরিশোধ না করে পালিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে হোটেল কর্তৃপক্ষের। এনডিটিভি জানিয়েছে, শংকর নারায়ণ নামের ওই ব্যক্তি একজন ব্যবসায়ী। তার বাড়ি বিশাখাপত্তনমে। ব্যবসার কাজে তিনি হোটেলে ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি আজকের নয়। কর্তৃপক্ষের কাউকে কিছু না জানিয়ে চলতি বছরের এপ্রিলে হোটেল থেকে পালিয়ে যান। তারপর নানা ভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আশ্বাস দিয়েছিলেন, হোটেলের সব বিল পরিশোধ করবেন।
কিন্তু আশ্বাস দেয়ার পর তিনি তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন। কোনোভাবেই তার কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে না পেরে গত ৬ আগস্ট বাঞ্জারা হিলস থানায় শংকর নারায়ণের বিরুদ্ধে মামলা করেন হোটেলের ব্যবস্থাপক হিতেন্দ্র শর্মা।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। শংকর নারায়ণের বিরুদ্ধে প্রতারণাসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। বাঞ্জারা হিলস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পি রবি বলেন, ‘তাজ বাঞ্জারা হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আমরা শংকর নারায়ণের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে।’
এসএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাজ্য-ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন
- ২ ৭০ বছর বয়সে ২২ বছরের তরুণীকে বিয়ে, যা বললেন বৃদ্ধ
- ৩ ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র
- ৪ বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘সীমা’ অতিক্রম না করার সতর্কতা দিলো ইরান
- ৫ চীন থেকে সুপারসনিক জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান