সিসি ক্যামেরায় অপহরণের দৃশ্য, তরুণী বললেন ‘নাটক নয়, বিয়ে করেছি’
ছবি: সংগৃহীত
রাস্তা দিয়ে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন বাবা। হঠাৎ একটি সাদা গাড়ি এসে পাশে দাঁড়ায়। বাবাকে ধাক্কা দিয়ে মেয়েটিকে তুলে নিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। গা শিউরে ওঠা এমন দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। কিন্তু এ ঘটনার ১২ ঘণ্টা যেতে না যেতেই অপহৃত সেই তরুণী ভিডিওবার্তায় জানালেন, তিনি অপহরণকারীদের মধ্যে একজনকে বিয়ে করেছেন। আদতে সেই যুবক তার দীর্ঘদিনের প্রেমিক, যার সঙ্গে আগেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
সম্প্রতি নাটকীয় এই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। অষ্টাদশী ওই তরুণীর ভাষ্য, প্রেমিক ভিন্ন গোত্রের হওয়ায় তাদের বিয়ের বিরুদ্ধে ছিলেন তার বাবা। তারা ১০ মাস আগেই বিয়ে করে ফেলেছেন। কিন্তু ২৪ বছর বয়সী বরের বিরুদ্ধে যৌন হয়রানি ও বাল্যবিয়ের অভিযোগে মামলা করা হয়। কারণ তখনো কনের বয়স ১৮ হয়নি। কিন্তু এখন বয়সের সেই বাধা কেটে গেছে।
বিয়ের সাজে থাকা তরুণীর দাবি, অপহরণের ঘটনাটি মোটেও সাজানো বা নাটক ছিল না। চার মুখোশধারী যুবক যখন তাকে টেনে গাড়িতে তুলছিলেন, তখন সত্যিই অপহৃত হচ্ছেন বলে ভেবেছিলেন তিনি।
কিন্তু যখন দেখেন, অপহরণকারীদের মধ্যে একজনের সঙ্গে তার চার বছর ধরে প্রেম চলছে, তখন মন্দিরে গিয়ে ফের বিয়ে করার পরিকল্পনা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রেমিক বর উপসাগরীয় একটি দেশে কাজ করতেন। আর প্রেমিকা কলেজছাত্রী, যার বাবা পেশায় গাড়িচালক।
তরুণীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর তার খোঁজে ছয়টি দল মাঠে নামিয়েছিল স্থানীয় পুলিশ। ভিডিওতে দেখা যায়, তিনজন মুখোশধারী গাড়ি থেকে নেমে আসেন। একজন তরুণীর বাবাকে ঠেলে ফেলে দেন এবং আরেকজন মেয়েটিকে জোর করে গাড়ির পেছনে তুলে নেন। এরপর সবাই পালিয়ে যান। আর মেয়েটির বাবা গাড়ির পেছন পেছন ছুটতে থাকেন।
পুলিশ পরিদর্শক কিরণ কুমার বলেন, অপহরণকারীদের মধ্যে একজনের বাড়ি মেয়েটির গ্রামেই এবং অতীতে তাদের মধ্যে বন্ধুত্ব ছিল বলে ধারণা করা হচ্ছে।
কেএএ/