ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘তৃণমূল ঘনিষ্ট’ কলকাতার পুলিশ কমিশনারকে বদলি

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ৩১ মার্চ ২০১৬

বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূলে কংগ্রেসের হয়ে কাজ করার অভিযোগ উঠায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। বুধবার রাতে নির্বাচন কমিশন এক সরকারি বিজ্ঞপ্তিতে এ আইপিএস কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করে।

রাজীব কুমার দীর্ঘদিন সিআইডি ও বিধাননগরের পুলিশ কমিশনার পদে কাজ করেছেন। বাংলাদেশের বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ছাড়াও খগড়াগড় কাণ্ডে অন্যতম অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ মহলে বেশ সুনাম রয়েছে তার। পাশাপাশি মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ট ও স্নেহভাজন পুলিশ কর্মকর্তা হিসাবেও সব মহলেই চর্চিত ছিলেন তিনি। বিশেষ করে সারদা কাণ্ডের মামলা দেখভালের দায়িত্ব ছিল যে বিধান নগরের কমিশনারের ওপর সেই কমিশনারের দায়িত্বেও ছিলেন রাজীব কুমার।

তবে সরদা কাণ্ডে তার নেতৃত্বেই সব মামলা ভিন্নখাতে সাজানো হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন পশ্চিমমবেঙ্গর প্রধান বিরোধী রাজনৈতিক দল বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের দিল্লি অফিস থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ পাঠানো হয়। তবে রাজীব কুমারের জায়গায় এখনও নতুন কোনো পুলিশ কর্মকর্তার নাম ঘোষণা করেনি প্রশাসন।
 
সম্প্রতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহার বাড়িতে দুজন গোয়েন্দা পুলিশ গরু ব্যবসায়ী সেজে স্টিং অপারেশন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। পুলিশের কর্মীদের দিয়ে এই ধরণের স্টিং অপারেশন চালানোর জন্য বিজেপি মমতা ব্যানার্জির প্রশাসনকে দায়ী করে এবং সরাসরি কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকেই অপসারনের দাবি জানায়।

গত মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের প্রধান দফতরে গিয়ে বিজেপির শীর্ষ নেতারা রাজীব কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানান। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো।

আরএস/এবিএস