ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

মাওবাদী এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে

প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৪ এপ্রিল ২০১৬

পশ্চিমবঙ্গের মাওবাদী প্রভাবিত এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সোমবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিমমেদেনীপুরের ১৮ টি বিধানসভায় ভোট গ্রহণ হচ্ছে। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেশ কয়েকটি বুথে ভোট নেওয়া হবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

এখনও পর্যন্ত কোথাও কোনরকম সংঘর্ষ বা ভোট বন্ধ থাকার খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু এলাকায় রাজ্য পুলিশ বুথের ভেতর ঢোকায় বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। বলরামপুর বিধানসভা সভায় বেশ কিছু বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথের ভেতর প্রবেশ করায় সেখানেও কিছু সময় উত্তেজনা তৈরি হয়েছিল। তবে কেন্দ্রী আধাসামারিক বাহিনীর তৎপরতায় সেখানেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার ছয় দফায় সাত দিনের ভোট পরিচালনা করবে নির্বাচন কমিশন। মাওবাদী এলাকা গুলোকে দু’টিভাগে ভাগ করে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোট নেওয়া হবে আগামী ১১ এপ্রিল।

এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে সোমবার নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাডগ্রাম, শালবনি, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর, রানিবাঁধ, রাইপুর এবং তালডাংডা এলাকায় ভোট গ্রহণ চলছে।

১১ এপ্রিল ভোট হবে দাঁতন, কেশিয়ারী, খডগপুর সদর, নারায়ণগড, সবং, পিংলা, খডগপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, গডবেতা, কেশপুর, শালতোডা, ছাতনা, বাঁকুডা, বডজোডা, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী এই ২২ টি বিধানসভা এলাকায়।

পশ্চিমবঙ্গ ছাড়াও ১২৬ আসনের আসাম বিধানসভায় প্রথম দফায় ভোট গ্রহন হচ্ছে আজ। সেখানে ৬৫ বিধানসভা আসনের ভোট নেওয়া হবে। ওই রাজ্যে ১১ এপ্রিল দ্বিতীয় ও শেষ দফার ৬১ আসনে ভোট হবে ।

পশ্চিমবঙ্গ, আসাম ছাড়াও কেড়ল, তামিলনাড়– এবং কেন্দ্র শাসিত পন্ডিচেরিতেও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। আগামী ১৯ মে সব রাজ্যের ফলাফল একসঙ্গে ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন।  

প্রথম পর্বের ১৮ বিধানসভা এলাকায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ছাড়াও প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও বামফ্রন্টের জোট, বিজেপি ছাড়াও নির্দল প্রার্থী মিলিয়ে ১৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৪০ লাখ ভোটার। ৪ হাজার ৯শ ৪৮টি বুথের মধ্যে ১ হাজার ৯শ ৬২ টি বুথ উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

যেকোনো সহিংস পরিস্থিতি মোকাবেলায় দু’টি হেলিকপ্টার এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এছাড়াও ভোটের নজরদারিতে থাকছেন ১৪ জন বিশেষ পর্যবেক্ষক। ৬শ ৭৬ জন পর্যবেক্ষক বুথের বাইরে এবং প্রয়োজনে বুথে প্রবেশ করে নজরদারি চালাবেন। বিভিন্ন জায়গায় ২শ ১২ টি সিসিটিভি ছাড়াও ১শ ৫৩ জায়গায় ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে কমপক্ষে এক সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

অবাধ, সুষ্ঠু ও রক্তপাতহীন ভোট পরিচালনার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি।
ভোট নিয়ে যে কোন ধরণের অভিযোগ জানাতে সামাধন নামের একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। ওই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে যে কোন ধরণের অভিযোগ জানাতে পারবেন ভোটরারা।

টিটিএন/এমএস

আরও পড়ুন