আইএসকে ধ্বংস করাই আমার প্রধান লক্ষ্য : ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আইএসকে ধ্বংস করাই আমার প্রধান লক্ষ্য। মঙ্গলবার হোয়াইট হাউজে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ওবামা এ কথা বলেন। এমন এক সময় ওবামা এ ধরনের মন্তব্য করলেন যখন সিরিয়া ও ইরাকে ক্রমেই আইএসের স্বক্রিয়তা কমতে শুরু করেছে। তাদের দখলকৃত বিভিন্ন এলাকা মুক্ত করছে সরকার বাহিনী।
ওবামা বলেন, আমরা তাদের নেতৃত্ব, তাদের অর্থ সংগ্রহের নেটওয়ার্ক এবং তাদের অবকাঠামো ছিনিয়ে নেব। আমরা তাদের চরমভাবে পরাজিত করব এবং তারা ধ্বংস হবে। সিরিয়া এবং ইরাকে আইএস যে ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে তা মেনে নেয়া হবে না ।
ওয়াশিংটন ২০১৪ সাল থেকে আন্তর্জাতিক জোটের হয়ে আইএসের বিরুদ্ধে সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালাচ্ছে।
সিরীয় বাহিনী এবং এর জোট সোমবার সিরিয়ার কেন্দ্রিয় শহর আল কারইয়াতেইন পুনর্দখল করেছে। ওই এলাকা সম্প্রতি দখল করেছিল আইএস।
টিটিএন/পিআর