মেঘালয়ে রামকৃষ্ণ মিশনে স্থানীয়দের ভাঙচুর, কারফিউ জারি
সোমবার (২০ জানুয়ারি) মেঘালয়ের মাউকেনরৌ গ্রামে রামকৃষ্ণ মিশনের একটি নির্মানাধীন স্কুলে ভাঙচুর চালানো হয়/ ছবি: সংগৃহীত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের একটি নির্মানাধীন স্কুলে স্থানীয় মানুষ ভাঙচুর চালানোর পরে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। সোমবারের (২০ জানুয়ারি) ওই ঘটনার পরে মঙ্গলবারও গ্রামটিতে উত্তেজনা বিরাজমান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মেঘালয়ের মাউকেনরৌ গ্রামে। এটি মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় অবস্থিত।
পুলিশ বলছে সোমবার প্রায় ২৫০ জন নারী-পুরুষ নির্মানাধীন ওই স্কুলে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সেখানে লাঠিচার্জ করে ও পরে টিয়ার শেলও নিক্ষেপ করে। ওই ঘটনায় অন্তত ১২ জন আহত হন।
আহতদের মধ্যে অন্তত চারজন পুলিশ সদস্যও আছেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাউকেনরৌ গ্রামে কারফিউ জারি করে প্রশাসন।
কারফিউ জারির নির্দেশ দিয়ে জেলা প্রশাসন বলেছে, এই সমস্যা “খুব সম্ভবত চলতে থাকবে এবং শান্তি বিঘ্নিত হওয়ার গুরুতর আশঙ্কা করা হচ্ছে, যার ফলে জানমালের ক্ষতি হতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলেও জানানো হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, ২০২২ সালে তৎকালীন গ্রামপ্রধানের কাছ ওই স্কুল তৈরির জন্য একখণ্ড জায়গা নিয়েছিল নিয়েছিল রামকৃষ্ণ মিশন। তবে গ্রামপ্রধান বদলানোর পর এখন যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি আগের নির্দেশ প্রত্যাহার করে জমিটি ফেরত নেওয়ার কথা বলছেন।
ওই জমিটি আদতে আদিবাসীদের জমি ও গ্রামের খেলার মাঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদিকে, এই ঘটনায় কোনো ধর্মীয় বিষয় জড়িত নয় বলে উল্লেখ করছে স্থানীয় সূত্রগুলো।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম: ট্রাম্প
- ২ মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩ নিজেকে যিশুখ্রিষ্ট হিসেবে দেখানোয় তীব্র সমালোচনার মুখে ট্রাম্প
- ৪ দক্ষিণ চীন সাগরে উত্তেজনা: স্কারবরো শোলের প্রবেশমুখে চীনের বাধা
- ৫ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান