পুরকৌশলীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান
ফাইল ছবি
উদীয়মান সিভিল ইঞ্জিনিয়ারদের (পুরকৌশলী) শিল্পের নেতৃবৃন্দের সঙ্গে সংযোগ স্থাপন করতে সম্প্রতি রাজধানীর মিরপুর ক্লাবে ‘ক্যারিয়ার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং: সিজন ৩’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের দ্রুত-বর্ধমান সিভিল ইঞ্জিনিয়ারিং খাতে পেশাগত অন্তর্দৃষ্টি এবং কাঠামোবদ্ধ ক্যারিয়ার গাইডেন্সের ব্যাপক চাহিদা আছে।
সেশনের নেতৃত্ব দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিবর্তনশীল ক্ষেত্র, শিল্পের প্রত্যাশা এবং একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে সমন্বয়ের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন খাতের শিল্প বিশেষজ্ঞরা। যারা নির্মাণ, নকশা, ইস্পাত, সিমেন্ট এবং রং প্রয়োগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে ব্যবহারিক পরামর্শ ও ক্যারিয়ার নির্দেশনা দেন। পাশাপাশি তারা আন্তর্জাতিক ক্যারিয়ারের পথ অনুসরণের দিকনির্দেশনাও দেন। এসব আলোচনা অংশগ্রহণকারীদের পরিবর্তনশীল ইঞ্জিনিয়ারিং খাতে সফলভাবে এগিয়ে চলার কার্যকর কৌশল শেখায়।
দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা ইজাজ উর রহমান বলেন, ‘ছাত্রদের বাস্তব শিল্প অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করা ভবিষ্যতের জন্য প্রস্তুত ইঞ্জিনিয়ারিং কর্মীশক্তি গঠনে অপরিহার্য।’
এ উদ্যোগের মাধ্যমে ঢালাই স্পেশাল সিমেন্ট ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ খাতে দক্ষতা উন্নয়ন এবং পেশাদারত্বের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড শিল্প-প্রস্তুত পেশাজীবী গঠনে তাদের সক্রিয় ভূমিকা তুলে ধরে।
অনুষ্ঠানের মূল আয়োজক এক্সিলেন্স বাংলাদেশ ধারাবাহিকভাবে এমন কাজ করে যাচ্ছে। যা একাডেমিয়া, শিল্প ও তরুণ প্রতিভাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন সৃষ্টি করে। তারা প্রতিভা ও সম্ভাবনাকে নেতৃত্ব ও কর্মসংস্থানে রূপান্তরের সুযোগ করে দেয়।
এসইউ