ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

১০০ জনকে হত্যা

জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শতাধিক গুম-নির্যাতন ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যাল।

অভিযোগ আমলে নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ওইদিন জিয়াউল আহসানকে আদালতে হাজির করার জন্যে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বর্হিভূতভাবে ১০০ জনকে হত্যার প্রমাণ মিলেছে বলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের আনা অভিযোগের মধ্যে রয়েছে। এ ছাড়াও আরও ৫০০ জনকে হত্যার অভিযোগের তদন্ত চলছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (১৭ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানল আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শুনানিতে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেছিলেন চিফ প্রসিকিউটর। পাশাপাশি তিনি এ মামলায় জিয়াউল আহসানকে হাজিরের আবেদন করেন। শুনানি নিয়ে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য এবং আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দেন আদালত।

এর আগে এদিন সকালে ট্রাইব্যুনালে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। এ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তিনটি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের সামনে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে ৫০০র বেশি মানুষকে গুম করে হত্যা করার তথ্য এসেছে। এর মধ্যে একশর বেশি মানুষকে গুম করে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তিনটি অভিযোগ আনা হয়েছে।

আদেশের পর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, শতাধিক গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।

এফএইচ/এসএনআর/এএসএম