কুমিল্লা-৪ আসন
বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল শুনানি পেছালো
মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য আগামী ২৮ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।
সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মঞ্জুরুল আহসানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস ও মুস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন শুনানিতে ছিলেন। আর হাসনাত আবদুল্লাহর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন ও মোহাম্মদ হোসেন লিপু এবং আইনজীবী জহিরুল ইসলাম মুসা প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, ইসির আইনজীবী মো. ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মঞ্জুরুল আহসানের আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, শুনানি মুলতবি হয়েছে। হাইকোর্টের আদেশের (রিট খারিজ) প্রত্যায়িত অনুলিপি আমরা পাইনি। আদালত বলেছেন, সিপি (লিভ টু আপিল) শুনবেন। এ জন্য শুনানি মুলতবি হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) তারিখ রেখেছেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেলে সিপি দায়ের করা হবে। হাইকোর্টের আদেশ (রিট খারিজ) দেখে আপিল বিভাগ আবেদন শুনবেন।
ইসির আইনজীবী মো. ফয়জুল্লাহ বলেন, আবেদনকারী পক্ষ হাইকোর্টের আদেশের কপি পায়নি। হাইকোর্টের আদেশ দেখে শুনানির অভিপ্রায় ব্যক্ত করেন আদালত। এরপর বুধবার (২৮ জানুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এর আগে, মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত আবেদনের বিষয়ে শুনানির জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) পরবর্তী দিন ঠিক করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি করেন মুন্সীর আইনজীবী সাইফুল্লাহ আল মামুন। ওই আবেদনের ওপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এফএইচ/এএমএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: সাবেক ডিআইজি জলিলকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ২ কারখানা মালিকসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, একজন কারাগারে
- ৩ মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট
- ৪ আমি বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক: আদালতে সাবেক ডিজিএফআই পরিচালক
- ৫ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৭ জুনের মধ্যে জমার নির্দেশ