ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

পি কে হালদার ও ঘনিষ্ঠ সহযোগীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতির অভিযোগ ও সংশ্লিষ্টতা থাকায় প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) এবং তার ঘনিষ্ঠ সহযোগী ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, পি কে হালদার ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান চলছে। তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য দুদক উপপরিচালক মো. মশিউর রহমানকে টিম লিডার করে একটি অনুসন্ধান দল গঠন করেছে।

দুদক জানায়, অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে চলে যেতে পারেন। যদি তারা দেশত্যাগ করেন, তবে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত বা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আদালতের মাধ্যমে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য হলেন- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. মাহবুবুল হক, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদুল ইসলাম, কোম্পানি সচিব মো. রেজাউল ইসলাম, কোম্পানি সচিব ও হেড অব রিকোভারি আবু মো. আল মামুন।

দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইন্টারন্যাশনাল লিজিংয়ের বিভিন্ন ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

এমডিএএ/বিএ