শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মারা যাওয়া শিশু আয়ান আহমেদ/ফাইল ছবি
রাজধানীর বাড্ডার সাতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সুন্নতে খতনার সময় শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালটির তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
পরোয়ানা জারিকৃত চিকিৎসকেরা হলেন- সার্জন ডা. তাসনুভা মাহজাবীন, স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. সৈয়দ সাব্বির আহমেদ এবং সহকারী স্পেশাল অ্যানেসথেসিস্ট ডা. নাজিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে তিন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র আমলে নিয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন
শিশু আয়ানের মৃত্যু: ৩ চিকিৎসককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট
মামলার নথি অনুযায়ী, শিশু আয়ান রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সুন্নতে খতনার জন্য তাকে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অ্যানেসথেসিয়া প্রয়োগ করে খতনা সম্পন্ন করা হলে কয়েক ঘণ্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি।
পরিস্থিতির অবনতি হলে তাকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে। টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর ২০২৪ সালের ৭ জানুয়ারি দিনগত রাতে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার দুদিন পর ৯ জানুয়ারি আয়ানের বাবা শামীম আহমেদ চিকিৎসকদের অবহেলার অভিযোগ এনে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
এমডিএএ/এমকেআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ২ ঢাবি শিক্ষার্থীকে মারধরের মামলায় ৩ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৩ জামায়াত আমিরের এক্স হ্যাকড: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন
- ৪ মিথ্যা রায় দিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের ধরেনি: মালেক
- ৫ ৬ লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী আবজালুলকে ক্ষমা