ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

নির্বাচনি অনিয়মের শুনানির জন্য হাইকোর্টে ট্রাইব্যুনাল গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হওয়া অনিয়মের অভিযোগের বিষয়ে আবেদনপত্রের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন। এ বেঞ্চকে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি নির্বাচনবিষয়ক আবেদনের শুনানি ও নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এ প্রসঙ্গে বলা হয়, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনি আবেদনপত্র ও যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং এসব সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সেই সঙ্গে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এফএইচ/একিউএফ