ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

টিউলিপ সিদ্দিকসহ ২ জনকে হাজির হতে গেজেট প্রকাশের আদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৬

ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গেজেট প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে নেওয়ার অভিযোগে করা মামলায় আদালত এ আদেশ জারি করেন।

রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন মামলার আসামিদের গ্রেফতার করা গেছে কি না, সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে পুলিশ আদালতকে জানায়, আসামিদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এ অবস্থায় তাদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দেন বিচারক। একইসঙ্গে এ সংক্রান্ত পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক থাকায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।

পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিককে গ্রেফতারের লক্ষ্যে রেড নোটিশ জারির নির্দেশও দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

তদন্ত চলাকালে গত বছরের জুলাই মাসে আসামি শাহ মো. খসরুজ্জামান তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরে বিষয়টি চেম্বার আদালতে গেলেও সেখানে দুদক কোনো আদেশ পায়নি।

পরবর্তীতে তদন্ত শেষ করে দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর গত ১৩ জানুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডবিধির ১৬১, ১৬৫(ক), ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

অবৈধ সুবিধা নিয়ে গুলশান এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম।

এমডিএএ/এএমএ