ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

দুর্নীতির অভিযোগ

সাবেক বিমানবাহিনী প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৩০ মার্চ ২০২৬

দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্ত এগিয়ে নিতে সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর-সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সেই সঙ্গে আসামিপক্ষ থেকে করা জামিন ও ব্যাংক হিসাব এবং সম্পত্তি অবমুক্ত করার আবেদনগুলো শুনানি শেষে খারিজ করে দিয়েছেন আদালত।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালত সূত্র জানায়, গত ২৫ মার্চ দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদনের মাধ্যমে আয়কর নথি জব্দের অনুমতি চান। এতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৭ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ আবদুল হান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের আয়কর-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা জরুরি হয়ে পড়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি খোলার সময় থেকে শুরু করে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় তথ্য, রেকর্ড ও সংশ্লিষ্ট নথি জব্দ করা প্রয়োজন।

আদালতের আদেশ অনুযায়ী, আবদুল হান্নানের ঢাকা কর সার্কেল-১৯৫ ও কর অঞ্চল-৯ এবং তাহমিদা বেগমের ঢাকা কর সার্কেল-৫৩ ও কর অঞ্চল-৩-এ সংরক্ষিত আয়কর নথি জব্দ করা হবে।

এমডিএএ/একিউএফ