শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল
শামীম ওসমান/ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৯ এপ্রিল। একই সঙ্গে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।
এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, গাজি এমএইচ তামিম ও প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান জানান, এই মামলার আসামি পলাতক রয়েছেন। এ কারণে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময় প্রার্থনা করেন তিনি। শুনানি শেষে আদালত আগামী ১৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন।
এর আগে, গত ৪ মার্চ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল পলাতক ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তারও আগে গত ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ওইদিন আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এফএইচ/এমএমকে
সর্বশেষ - আইন-আদালত
- ১ গুমে জড়িতরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন, তা মনে করার কারণ নেই
- ২ আত্মসমর্পণ করা দুই ঢাবি শিক্ষার্থীর জামিন
- ৩ শাপলা চত্বরে হত্যাকাণ্ড: সাবেক ডিআইজি জলিলকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৪ কারখানা মালিকসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা, একজন কারাগারে
- ৫ মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট