ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

আসামিপক্ষের আইনজীবী

‘একজন নারী স্পিকার প্রটোকল নিয়ে গুলি চালাতে পারেন না’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয় দুপুরে। এসময় আসামিপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মণ্ডল বলেন, একজন নারী স্পিকার প্রটোকল নিয়ে গুলি চালাতে পারেন না।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন করা হয়। পরে তাকে এজলাসে তোলা হয়। শুনানির সময় অভিযোগ পড়ে শোনান পুলিশ কর্মকর্তা।

এসময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে যুক্ত থেকে অপরাধ করেছেন তিনি।

তবে আসামিপক্ষের আইনজীবী মোকছেদুল হাসান মণ্ডল জোর দিয়ে বলেন, একজন নারী স্পিকার প্রটোকল নিয়ে গুলি চালাতে পারেন না এবং মামলায় শুধু নাম ছাড়া আর কোনো প্রমাণ নেই।

আসামিপক্ষের আইনজীবীরা আদালতে আরও বলেন, মামলায় শুধু নাম উল্লেখ করা আছে, কোনো প্রমাণ নেই। আমরা চাইলে জামিনও চাইতে পারি। তবে আসামি একজন নারী স্পিকার। নিশ্চয়ই তিনি প্রটোকল নিয়ে গিয়ে গুলি চালাননি। তার বিরুদ্ধে পূর্বেও কোনো অভিযোগ নেই।

শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা জামিন ও রিমান্ড আবেদন না মঞ্জুর করে আদেশ দেন। ফলে শিরীন শারমিন চৌধুরী কারাগারে থাকছেন।

এমডিএএ/এসএনআর