সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ফাইল ছবি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে করা মামলার তদন্তে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান আয়কর আইন অনুযায়ী আসামির আয়কর নথি জব্দের আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান নূরের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) থেকে তার আয়কর সংক্রান্ত শুরু থেকে সর্বশেষ পর্যন্ত স্থায়ী ও বিবিধ অংশসহ সব নথিপত্র জব্দের নির্দেশ দেন।
আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামির প্রকৃত আয়-উৎস ও সম্পদের তথ্য যাচাইয়ের জন্য আয়কর নথিগুলো পর্যালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২৫ তারিখে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ এ সংক্রান্ত মামলাটি রুজু করা হয়।
এমডিএএ/এমএএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ ‘বিয়ে বৈধ, অভিযোগ ভিত্তিহীন’, আদালতে বললেন নাসিরের স্ত্রী তামিমা
- ২ বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদ এনএলএর
- ৩ ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ফের ৪ দিনের রিমান্ডে
- ৪ ৫৮ কোটি টাকা আত্মসাৎ, আহমেদীয়া ফাইন্যান্সের হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ৫ গেজেট প্রকাশের পথে টিউলিপের মামলা, চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল