কুমিল্লার আমদিঘি ভরাট বন্ধে আইনি নোটিশ
কুমিল্লা শহরের হাউজিং এস্টেট এলাকার আমদিঘিকে প্লট হিসেবে দেখিয়ে অবৈধ প্রক্রিয়ায় ভরাট বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছে।
কুমিল্লা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ঢাকার (সিজেএডি) সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদারের পক্ষে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার পর অবিলম্বে পুকুর ভরাট বন্ধ না করলে হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে বলে জানান আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া।
তিনি জানান, ঐতিহ্যবাহী ওই দিঘিটিকে প্লট হিসেবে দেখিয়ে তা ভরাট করা হচ্ছে, মর্মে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এরই প্রেক্ষিতে ওই অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নোটিশে আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, শহরের ঐতিহ্যবাহী এ দিঘিটি আইন অমান্য করে ভরাট করা হচ্ছে। তা বন্ধে গৃহায়ন ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ ও বন সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদফতর, কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ১০ জনের প্রতি এই লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়।
নোটিশে দিঘিটির অবৈধ ভরাট বন্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী জনস্বার্থে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। অন্যথায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এফএইচ/এমএমজেড/এমএস