দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে আমীর খসরুর রিট তালিকা থেকে বাদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছেন হাইকোর্ট। অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে এই নোটিশ দিয়েছিল দুদুক।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আমীর খসরুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
পরে আইনজীবী খুরশীদ আলম খান জানান, রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আমার মনে হয় আবেদনটি শুনানি করতে চাননি বলেই এই আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ১৬ আগস্ট আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুদুক কার্যালয়ে ২৮ আগস্ট হাজির হওয়ার জন্য চিঠি পাঠায় দুদক।
চিঠিতে বলা হয়, বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ নিজ নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে। পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী এক মাসের সময় চেয়ে আবেদন করেন। এ অবস্থায় দুদক বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে আগামী ১০ সেপ্টেম্বর তাদের কার্যালয়ে হাজির হতে বলেন। পরে গত ৩ সেপ্টেম্বর দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এফএইচ/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ডেলিভারিতে স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন সাবজেলে থাকা সেনা কর্মকর্তা
- ২ চট্টগ্রামে ১৯ বছর আগে শাওন হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড
- ৩ স্ত্রীকে পাগল সাজাতে জালিয়াতি: আ’লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা
- ৪ গুমে জড়িতরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবেন, তা মনে করার কারণ নেই
- ৫ আত্মসমর্পণ করা দুই ঢাবি শিক্ষার্থীর জামিন