নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার এ-সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
আদালতে আজ ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। এ ছাড়া আদালতের নির্দেশে এই রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও শাহদীন মালিক অংশ নেন।
এর আগে গত ১৪ আগস্ট রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
ব্যারিস্টার নাজমুল হুদা জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করা হয়নি, চালান জমা দেয়া হয়নি উল্লেখ করে তিনটি কারণ দেখিয়ে তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত-সম্বলিত একটি নোটিশ গত ১৪ জুন নির্বাচন কমিশন দলটিকে পাঠায়। ওই নোটিশটি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন। ওই রুলের শুনানি নিয়ে আদালত আজ রায় ঘোষণা করেন।
এফএইচ/এসআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজধানীতে আটক সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে
- ২ ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন সাড়ে পাঁচ মাস আগের মামলায় কারাগারে
- ৩ বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সম্পাদক মাহবুব
- ৪ সিদ্দিকবাজারে বিস্ফোরণ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ এপ্রিল
- ৫ রাজধানীতে ২৫ লাখ জাল টাকাসহ গ্রেফতার দুই তরুণ কারাগারে