বনানীর এফআর টাওয়ারে আগুন : প্রতিবেদন ৩০ এপ্রিল
রাজধানীর বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
রোববার (৩১ মার্চ) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী মামলার এজহারটি গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুককে আজ (রোববার) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (৩০ মার্চ) এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর জোগসাজশে মানুষের জানমালের ক্ষতি, অবহেলা ও তাচ্ছিল্যপূর্ণ কার্যকলাপের ফলে অপরাধজনক অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানি, মারাত্মক জখমসহ সম্পদের ক্ষতিসাধন করে।
মামলার আসামিরা হলেন- ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম, জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান। এছাড়া এফআর টাওয়ারের ব্যবস্থাপনা কমিটির নেতাসহ অজ্ঞাতনামা আসামি করা হয়।
গত বৃহস্পতিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হয়েছেন আরও ৭৩ জন।
জেএ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর
- ২ নিজ কার্যালয়ে বসলেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- ৩ আসাদুর রহমান কিরণ ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ৪ সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৫ সাবেক পুলিশ কর্মকর্তা এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা