ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

যশোরেও হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১২ অক্টোবর ২০১৫

অন্য জায়গায় হলে যশোরেও হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে এই আশ্বাস দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সরকার যদি সব ব্যবস্থা করে দেয়, সামনের বছর জুনের মধ্যেই বিষয়টি বিবেচনা করতে পারবো। সোমবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে প্রধান বিচারপতি স্থানীয় আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, একইসঙ্গে আপনাদের কাছে কয়েকটা কথা না বলে পারছি না। এখানে (যশোরে) বেশ কয়েকবার সমস্যা হয়েছে। বিচারকদের সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আশা রাখবো, বিচারকদের সঙ্গে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন।

প্রধান বিচারপতি আরও বলেন, গুটিকয়েক বিজ্ঞ আইনজীবীর আচরণে বিব্রতকর অবস্থায় পড়েন বিচারকরা। কোনো বিচারক বাড়াবাড়ি করলে আমি দেখবো। আমাকে লিখবেন। সর্বোচ্চ তিনদিনের মধ্যে ব্যবস্থা নেব। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, কোর্টের পরিবেশ যাতে নষ্ট না হয়, কোর্টের কাজে যাতে বাধার সৃষ্টি না হয়, সে বিষয়ে আপনারা সজাগ থাকবেন।
 
প্রসঙ্গত, যশোরের জেলা জজ মিজানুর রহমানের দুর্নীতির অভিযোগ করে গত ৯ আগস্ট জেলার ১৬০ আইনজীবী প্রধান বিচারপতির কাছে প্রতিকার চান। এ ঘটনার দুই মাস পর আইনজীবীদের সঙ্গে বৈঠক করে প্রধান বিচারপতি এমন বক্তব্য রাখেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি দেবাশীস দাসের সভাপতিত্বে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ একেবারেই স্বাধীন। সরকারের বা নির্বাহী বিভাগের চাপে কোনো বিচারক নিয়োগ দেয়া হয় না। একইসঙ্গে বিচারকরা সব ধরনের চাপের ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, ঔপনিবেশিক আইনের কারণে আমাদের ক্রিমিনাল প্রসিডিওর আইনের ৪০ ভাগ অকার্যকর। অন্য দেশে সময় উপযোগী আইন হয়েছে। আমাদেরও এটা বাতিল করা উচিৎ।

পরে তিনি আদালত পরিদর্শন ও জেলা জজের এজলাসে বসে বিচার কাজ পর্যবেক্ষণ করেন। এর আগে রোববার রাতে সুরেন্দ্র কুমার সিনহা যশোরে বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দেন। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলদার হোসেন, সহকারী রেজিস্ট্রার সাব্বির ফয়েজ, স্পেশাল অফিসার হোসনে আরা আক্তার, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার, বেগম ফারজানা ইয়াসমিন, যশোরের জেলা ও দায়রা জজ (নবাগত) ইসরাইল হোসন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম প্রমুখ।

মিলন রহমান/এমজেড/পিআর