সাখাওয়াতসহ ৯ জনের শুনানি ২২ নভেম্বর
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জাতীয় পার্টির নেতা যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। এবার আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২২ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।
একই সঙ্গে মো. বিল্লাল হোসেন ও মো. লুৎফর মোড়লের পক্ষে জামিন আবেদন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল।
সাখাওয়াত হোসেন ছাড়া অন্য আসামিরা হলেন- মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মোহাম্মদ মুজিবর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, মো. আজিজ সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম, মো. লুৎফর মোড়ল এবং মো. আব্দুল খালেক মোড়ল।
আসামিদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাখাওয়াত হোসেন, মো. বিল্লাল হোসেন ও মো. লুৎফর মোড়ল। বাকি ছয়জন পলাতক রয়েছে। ১২ আসামির মধ্যে অব্যাহতি পেয়েছেন মো. আকরাম হোসেন, অজিহার মোড়ল ওরফে ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমান।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ার উল হকের নের্তৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মঙ্গলবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। অন্যদিকে আসামিপক্ষে শুনানির জন্য সময় আবেদন করেন আব্দুস সাত্তার পালোয়ান। পরে ২২ নভেম্বর আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেন আদালত ।
গত ৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। মোট ১২ আসামির মধ্যে বাকি তিনজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গত ১৬ জুন সাখাওয়াতসহ আসামিদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়। এর আগে আদালত ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
এফএইচ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - আইন-আদালত
- ১ অস্ত্র মামলায় সুব্রত বাইনের ‘কথিত সহযোগী’ বিপু ৫ দিনের রিমান্ডে
- ২ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদের আপিল আবেদন
- ৩ নীতিনির্ধারকদের চিন্তাশক্তির সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে বিতর্ক
- ৪ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ৫ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা