সাতক্ষীরায় হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডপ্রাপ্ত আসামির জামিন আবেদন
ফাইল ছবি
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার অন্যতম আসামি সৈয়দ নাজমুল মাকসুদ ওরফে মুরাদ জামিন আবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৬ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মুরাদের আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন এই জামিন আবেদন করেন।
জামিনের বিষয়ে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।
২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর ১২টার দিকে তিনি সফরসঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে কলারোয়া বাজারে বিএনপি অফিসের সামনে পৌঁছালে প্রাণ নাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা। হামলায় তিনি প্রাণে রক্ষা পেলেও তার গাড়িবহরে থাকা কয়েকজন আহত হন।
এ ঘটনায় ওইদিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।
২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবীর আলোচিত এ মামলায় বিএনপির তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
মামলা সূত্রে জানা যায়, মুরাদ একটি হত্যা, একটি হত্যাচেষ্টা ও একটি চাঁদাবাজিসহ তিনটি মামলার আসাসি। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। ২০১১ সালে বাংলাদেশের অনুরোধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে। ওই রেট অ্যালার্ট জারির পর পরোয়ানার পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি আটলান্টা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং বাংলাদেশের সিআইডির কাছে তাকে হস্তান্তর করা হয়।
এর দুইদিন পর তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এফএইচ/ইএ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ সাবেক অর্থমন্ত্রী কামালের ব্যবসায়িক অংশীদার নোমানের দেশত্যাগে বাধা
- ২ ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডি মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৩ মুজিব কেল্লা প্রকল্পের প্রকৌশলী ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
- ৪ পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ
- ৫ ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট