সুপ্রিমকোর্টের কজলিস্ট আরও ৩ মাস কাগজে ছাপার সিদ্ধান্ত
সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে অনলাইনের পাশাপাশি কাগজে ছাপা কজলিস্ট প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধান বিচারপতি। ইতোপূর্বে দেয়া ঘোষণা অনুয়ায়ী গত ৩ এপ্রিল থেকে কাগজে ছাপা কার্যতালিকা প্রকাশ বন্ধ হয়ে যায়। অনলাইনের পাশাপাশি কাগজে ছাপা কার্যতালিকা প্রকাশ অব্যাহত রাখতে সুপ্রিমকোর্টের আইনজীবীরা এ দাবী জানায়।
এ দাবিতে তারা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করে। রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় অনলাইনের পাশাপাশি কাগজে ছাপা কার্যতালিকা প্রকাশের দাবীতে সিদ্ধান্ত হয়। তারই আলোকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার) নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে আইনজীবীরা সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত করে আইনজীবীদের দাবীর যৌক্তিকতা তুলে ধরেন। পরে মঙ্গলবার (৫ এপ্রিল) থেকে অনলাইনের পাশাপাশি আরো তিন মাস কাগজে ছাপা কজলিস্ট প্রকাশ করা হবে বলে সুপ্রিমকোর্ট সূত্র জানায়।
এর আগে সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে ৩১ মার্চ পর্যন্ত কাগজে ছাপা কজলিস্ট প্রকাশে সম্মতি দিয়েছিলেন প্রধান বিচারপতি। ১ ফেব্রুয়ারি থেকেই সুপ্রিমকোর্টের কজলিস্ট পুরোপুরি অনলাইনে প্রকাশ করার কথা ছিল। গত ২৮ জানুয়ারি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন। পরে সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে কাগজে ছাপা কজলিস্ট প্রকাশের মেয়াদ আরো বৃদ্ধির এ সম্মতি দেন প্রধান বিচারপতি।
রেজিস্ট্রার জেনারেল জানান, ডিজিটালাইজেশন নিশ্চিত করতে কাগজের কার্যতালিকা তুলে দেয়া হচ্ছে। এতে মামলাজট, জনদুর্ভোগ এবং সংশ্লিষ্টদের খরচও কমবে। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা অনলাইন কজলিস্ট বাস্তবায়ন করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিতে সমর্থ হবো। বর্তমান সরকারের যে ডিজিটাল দেশ গড়ার প্রত্যয় রয়েছে তার সাথে শরিক হয়ে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখতে পারবো।
গত বছরের ১ নভেম্বর থেকে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের কার্যতালিকা (কজলিস্ট) কাগজে ছাপানোর পাশাপাশি একযোগে অনলাইনেও প্রদর্শন শুরু হয়। তখন বলা হয়, তিনমাস পরীক্ষামূলকভাবে ছাপা ও অনলাইন কার্যতালিকা একসঙ্গে চালু থাকবে। এরপর কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্নরূপে বন্ধ করে দেয়া হবে। সে আলোকে কাগজে ছাপার কাজ বন্ধ করে দেয়া হচ্ছে।
এফএইচ/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ২১, রায়ের অপেক্ষায় ২
- ২ হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ৩ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ৪ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৫ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড