ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

রোজা ভাঙুন পুষ্টিকর আলুর স্যুপ দিয়ে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১০:১৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সারাদিন রোজা রাখার পর ইফতারে এমন কিছু প্রয়োজন, যা একদিকে দ্রুত শক্তি জোগাবে, অন্যদিকে পেটের জন্য হবে হালকা ও আরামদায়ক। এ ক্ষেত্রে পুষ্টিকর আলুর স্যুপ হতে পারে চমৎকার একটি পছন্দ। সহজলভ্য উপকরণে তৈরি এই স্যুপ শরীরকে উষ্ণতা দেয়, শক্তি ফেরায় এবং দীর্ঘ সময় না খাওয়ার পর হজমের জন্যও সহায়ক। তাই ইফতারের টেবিলে ভাজাপোড়ার পাশাপাশি রাখতে পারেন এক বাটি স্বাস্থ্যকর আলুর স্যুপ।

উপকরণ

আলু ৫০০ গ্রাম (মাঝারি চৌকো করে কাটা)
তেল ১ টেবিল চামচ
মাখন ২ টেবিল চামচ
পেঁয়াজকুচি দেড় টেবিল চামচ
রসুনকুচি আধা চা-চামচ
ময়দা ১ টেবিল চামচ
গরম পানি ২ কাপ
তরল দুধ ১ কাপ
লবণ স্বাদমতো
কালো গোলমরিচগুঁড়ো সিকি চা-চামচ
সাদা গোলমরিচগুঁড়ো সিকি চা-চামচ
শুকনা রোজমেরি ১ চিমটি
চিলি ফ্লেক্স ১ চিমটি
ক্রিম ৬০ গ্রাম বা সিকি কাপ
চিজ ৩০ গ্রাম

আরও পড়ুন:
ঘরেই বানিয়ে নিন মুচমুচে স্বাদের আলুর ডোনাট
অতিথি আপ্যায়নে রাখুন মুরগি মাংসের সাদা ভুনা

যেভাবে তৈরি করবেন

প্রথমেই একটি শুকনা হাঁড়ি চুলায় বসিয়ে তাতে তেল ও মাখন দিন। অল্প আঁচে গরম করার পর তাতে পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ময়দা দিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না হালকা বাদামি রং ও সুগন্ধ বের হয়।

এ পর্যায়ে গরম পানি ও তরল দুধ ঢেলে মাঝারি আঁচে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন, যেন দলা না বাঁধে। মিশ্রণ ফুটে উঠলে আলু, লবণ, কালো গোলমরিচ ও সাদা গোলমরিচ দিয়ে ভালোভাবে ঢেকে রান্না করুন যতক্ষণ না আলু সম্পূর্ণ সেদ্ধ হয়।

চুলা থেকে নামিয়ে পুরো মিশ্রণটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর পুনরায় একই হাঁড়িতে ঢেলে চুলায় বসান। এবার ক্রিম, চিজ, রোজমেরি ও চিলি ফ্লেক্স যোগ করে মাঝারি আঁচে নেড়ে রান্না করুন। ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর আলুর স্যুপ।

জেএস/জেআইএম