চলে গেলেন সাংবাদিক শাহ আলমগীর
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (বৃহস্পতিবার) সকালে লাইফ সাপোর্টে রাখা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিআইবির প্রভাষক লাজিনা জেসলিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শাহ আলমগীর চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশিষ্ট এ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও দেশবরেণ্য সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল (বুধবার) তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আজ (বৃহস্পতিবার) সকালে অবনতি হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াসহ ডায়াবেটিস ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
গত ২১ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি হন পিআইবির মহাপরিচালক। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং তার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
গঠিত মেডিকেল বোর্ড আজ শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখার কথা ছিল। পর্যালোচনায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুর অথবা ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল পাঠানোর কথা ছিল।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পান।
এমইউ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে