সাংবাদিককে অটোরিকশার ধাক্কা, মোটরসাইকেল নিয়ে পালালো চোর
রাজধানীর মুগদায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন সমকালের অপরাধ বিষয়ক প্রতিবেদক আব্দুল হামিদ (২৮)। দুর্ঘটনার এই সময়ে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে চোরে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। হামিদ সড়কের পাশে ছিটকে পড়লে তার মোটরসাইকেল নিয়ে কেউ পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে ভর্তি করা হয়। তবে মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি।
আহত আব্দুল হামিদ জানান, অফিসের কাজে মোটরসাইকেলে তিনি যাত্রাবাড়ী যাচ্ছিলেন। মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনের সড়কে পৌঁছালে উল্টোপথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি বাস এসে পেছন থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে হামিদ সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় আশপাশের লোকজন ভিড় করলে তাদের সঙ্গে কথা বলার মাঝেই তার মোটরসাইকেলটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেটি পাওয়া যায়নি।
সাংবাদিক আব্দুল হামিদের ডান হাতে ও ডান পায়ে জখম হয়েছে, কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত রিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেল চুরির সঙ্গে বাসচালক বা রিকশাচালক জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
টিটি/এমএইচআর/এমএস
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ২ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৩ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৪ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৫ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল