যশোরে দুই দিনব্যাপী ‘কিশোর সাংবাদিকতা ও এআই’ প্রশিক্ষণের উদ্বোধন
যশোরে কলেজ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন সাংবাদিক মনিরুল ইসলাম, ছবি: সংগৃহীত
যশোরের শিক্ষার্থীদের লেখাজোকা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী ‘কিশোর সাংবাদিকতা ও এআই’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় যশোর শহরের ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক লাউঞ্জে এই কর্মশালার উদ্বোধন করা হয়। যশোরের ধুমঘাট ইন্টারপ্রিনিউর ট্রেনিং একাডেমি-ডেটা এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সহযোগিতা দিচ্ছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান এম. ইউ সী ফুডস লিমিটেড।
কর্মশালায় সরকারি মাইকেল মধুসূদন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ ও উপশহর মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। দুই দিনব্যাপী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মনিরুল ইসলাম।
উদ্বোধনী পর্বে আলোচনা করেন যশোর শহরের ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহকারী অধ্যাপক এম. আব্দুল গনি ও প্রভাষক ইবাদুল ইসলাম।
বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন গোটা পৃথিবী গতিশীল করে দিয়েছে। নতুন এই প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের তাল মিলিয়ে চলতে হবে। এআই টুলস ব্যবহার করে তথ্য যাচাই-বাছাই ও লেখা সমৃদ্ধ করার কৌশল অর্জনের এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলবে। আগামী দিনে কর্মক্ষেত্রে তারা যোগ্য ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে।
শিক্ষার্থীদের বিনামূল্যে এই ধরনের কর্মশালার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান বক্তারা।
শনিবার কর্মশালার সমাপনী দিন। কর্মশালা শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।
আয়োজকেরা জানান, যশোরের নবম থেকে দ্বাদশ শ্রেণির অন্তত ৫০০ শিক্ষার্থীকে লেখাজোকা ও যোগাযোগে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ডেটা এই উদ্যোগ নিয়েছে। এই ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
এমএমএআর/
সর্বশেষ - গণমাধ্যম
- ১ অনুসন্ধানী সাংবাদিকতায় সহযোগিতা করা টিআইবির অন্যতম ম্যান্ডেট
- ২ দেড় বছরে ৮ সম্পাদক বরখাস্ত, ১৮৯ সাংবাদিক চাকরিচ্যুত: টিআইবি
- ৩ ক্র্যাব সদস্যদের ওপর হামলা: আসামি গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম
- ৪ অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
- ৫ সাংবাদিকদের কার্ড জটিলতা: রোববারের মধ্যে সমাধানে ইসিকে আলটিমেটাম