সাংবাদিকদের নির্বাচনকালীন সুরক্ষা নিশ্চিতের দাবি সম্পাদক পরিষদের
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এতে আরও বলা হয়, এ প্রেক্ষাপটে সম্পাদক পরিষদ নির্বাচনকালীন সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র, অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীতভাবে আবেদন জানাচ্ছে। একই সঙ্গে সম্পাদক পরিষদ রাজনৈতিক দলসমূহের প্রতিও বিনীত অনুরোধ জানাচ্ছে যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করেন।
‘সম্পাদক পরিষদ আশা করে, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এএএইচ/ইএ
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত
- ২ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব
- ৩ স্ত্রী হারালেন জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদ
- ৪ সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস পেলেন রূপালী ব্যাংক কর্মকর্তা পিনু
- ৫ বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রুপল