ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

বৃহত্তর কুমিল্লার প্রয়াত সাংবাদিকদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৩ মে ২০১৮

কুমিল্লার প্রয়াত সাংবাদিকদের স্মরণ ও তাদের সম্মানা দিল বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-চাঁদপুর) সাংবাদিক ফোরাম। একই সঙ্গে কুমিল্লার জীবিত সাংবাদিকসহ কৃতি সন্তানদের সম্মাননা দিয়েছে সংগঠনটি।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ফোরামের প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

অনুষ্ঠানে ফোরামের প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান মিলন, সাইফুল ইসলাম তালুকদার, আহমেদ ফারুক হাসান, মঞ্জুরুল আলম ও রহমান জাহাঙ্গীরের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

এছাড়া বৃহত্তর কুমিল্লার কৃতি সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খানকে সম্মাননা দেয়া। তবে নঈম নিজাম ও নাঈমুল ইসলাম খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। স্ত্রীরা তাদের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এছাড়া শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীকেও সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েক জন সাংবাদিক কুমিল্লার। যাদের কারণে কুমিল্লার মান-সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে অনেকে আছে, অনেকে মৃত্যুবরণ করেছেন। যারা মারা গেছেন বা বেঁচে আছেন তাদের সম্মাননা দেয়া হচ্ছে। একজন আরেকজনকে সম্মান দেয়া ভালো, বিরাট ও উন্নত মনের পরিচয়। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’

মন্ত্রী আরও বলেন, ‘সমাজে অনেকেই আছেন নিজেরা অনেক জ্ঞানী-গুণী, নিজের অঙ্গনে প্রতিষ্ঠিত কিন্তু মানুষের জন্য তাদের কোনো দরদ নেই। মানুষ যদি মানুষের সেবা করে তবে মৃত্যুর পর মানুষ মানুষকে মনে রাখে।’

অনুষ্ঠানে বক্তারা যে নামেই হোক শিগগিরই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে খুব অচিরেই কুমিল্লা বিভাগের দাবি পূরণ হবে এটা বলতে পারি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে, দেশ যদি অগ্রসর করতে হয় তবে প্রত্যেকটি অঞ্চলকে আধুনিক করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেরামের সভাপতি সৈয়দ আখতার ইউসুফ।

আরএমএম/জেএইচ/আরআইপি

আরও পড়ুন