বাসসের এমডি আবুল কালাম আজাদের মেয়াদ বাড়ল ২ বছর
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বেড়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তার চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি থেকে বর্ধিত মেয়াদ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসা আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের জন্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও এমডি পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়। পরে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি তার নিয়োগের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। এবার বাড়ল আরও দুই বছর।
আবুল কালাম আজাদ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার ছিলেন। ২০০২ সালে দেশে ফিরে তিনি আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিভাগীয় কোষাধ্যক্ষ এবং স্বাধীনতার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
আবুল কালাম আজাদ ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে সাব-এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, পিআইবি ও প্রেস কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
আরএমএম/এইচএ/পিআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হওয়ায় জুলফিকারকে ডিআরইউয়ের অভিনন্দন
- ২ প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান
- ৩ প্রথম আলোয় হামলার ঘটনায় উগ্রবাদী শক্তির বার্তা যায় বিশ্বে
- ৪ তরুণদের মধ্যে মূল্যবোধ গড়তে সব প্রচারমাধ্যম কাজে লাগাতে চায় সরকার
- ৫ বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে