ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

দীপ্ত টেলিভিশনের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৪ এপ্রিল ২০১৬

সদ্য সম্প্রচারে আসা বেসরকারি দীপ্ত টেলিভিশনের এমডি ও সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে নগরীর চকবাজার থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, শিল্পপতি নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মজিবুর রহমানের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা ও বিভ্রান্তির সংবাদ প্রচারের অভিযোগে মামলাটি দায়ের করেন সানোয়ারা গ্রুপের ভূমি কর্মকর্তা শেখ আহমেদ।

চকবাজার থানার অফিসার ইনচার্জ আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে মানহানিকর ও তথ্য বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগে একটি বেসরকারি টেলিভিশনের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, কাজী রাবেত হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফী আহমেদ, বার্তা সম্পাদক, চট্টগ্রাম প্রতিনিধি লতিফা আনসারী রুনা ও চান্দগাঁও কমিউনিটি সেন্টারের মালিক আবু বকর।

তবে এ ব্যাপারে দীপ্ত টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি লতিফা আনসারী রুনা বলেন, স্থানীয় লোকজনের ভাষ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে চান্দগাঁও কমিউনিটি সেন্টার নিয়ে এবং সাতকানিয়ার দোহাজারীতে মন্ত্রীর পরিবারের লোকজন কর্তৃক অন্য একটি শিল্প প্রতিষ্ঠানে হামলা এবং ভূমি দখলের অভিযোগে দীপ্ত টেলিভিশনে বস্তুনিষ্ট প্রতিবেদন করা হয়েছে। মামলা হলে আমরা আইনি মোকাবেলা করবো।

জীবন মুছা/জেএইচ/এমএস