মাইলস্টোন ট্র্যাজেডি
হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও দুই দগ্ধ শিক্ষার্থী
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট/ ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০) নামের এ দুজনকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হলো। এখনো এখানে ভর্তি রয়েছে আটজন। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ হাসপাতালে মৃত্যু হয় ২০ জনের।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বলেন, ‘নিলয় ও রুপি বড়ুয়া নামের দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার দুপুরের দিকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
শাওন জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আশা করা যাচ্ছে, তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে বা হচ্ছে তারা পরে ইনস্টিটিউটে এসে চিকিৎসা নিতে পারবে। তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হলে তাও করতে পারবে বলে জানান তিনি।
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালে একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
কাজী আল-আমিন/একিউএফ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
- ২ নারী প্রার্থীর অংশগ্রহণ ও সহিংসতা নিয়ে ইইউ পর্যবেক্ষণ মিশনের উদ্বেগ
- ৩ ‘বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন
- ৪ যত দ্রুত সম্ভব নিজের পেশায় ফিরতে চাই: আলী রীয়াজ
- ৫ গণভোটের ফলাফলে বোঝা যায় বেশিরভাগ মানুষ পুরোনো ব্যবস্থায় ফিরতে চায় না