ঢাকা-১৭ আসন
সুবিধাবঞ্চিত নারীদের কথা শুনলেন জুবাইদা, দিলেন সমাধানের আশ্বাস
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি কর্মজীবী নারীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শুনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে কড়াইল, সাততলা ও টিএনটি বস্তির নারীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
এছাড়া ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর (প্ল্যানিং) ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনি এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী নারীরা মুক্ত ও প্রাণবন্ত পরিবেশে তাদের দৈনন্দিন জীবনসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। বাসস্থান, স্বাস্থ্যসেবা, কর্মপরিবেশ, শিশুদের শিক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা জুবাইদা রহমানের সঙ্গে আলোচনা করেন। এসময় তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে জুবাইদা রহমান বিএনপির নির্বাচনি পরিকল্পনার আলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে ডা. জুবাইদা রহমান কড়াইল বস্তিতে ড্যাব পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ ও বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, সেখানে একটি কার্ডিয়াক ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। পাশাপাশি ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পে উপস্থিত শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কেএইচ/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ ১৩টি আইএসসিকে ১ কোটি টাকার সরঞ্জাম সহায়তা দিলো এনএসডিএ
- ২ প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক
- ৩ নাগরিক বঞ্চনার অবসান চান ভোটাররা, আশা দেখাচ্ছেন প্রার্থীরা
- ৪ সুবিধাবঞ্চিত নারীদের কথা শুনলেন জুবাইদা, দিলেন সমাধানের আশ্বাস
- ৫ নারীদের নিয়ে অতিকথনে থাকা নেতারা ‘গাইনোকলজিস্ট’: ফওজিয়া মোসলেম