‘নীরব জোন’ বাস্তবায়নে অভিযান, ২৫ মামলায় জরিমানা ১২ হাজার ৫০০ টাকা
রাজধানীতে শব্দদূষণরোধে বিভিন্ন এলাকাকে ‘নীরব জোন’ ঘোষণা করা হয়েছে। এই নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান চালিয়ে ২৫ মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শিক্ষাভবন মোড় থেকে সচিবালয় অভিমুখী সড়ক এবং পার্শ্ববর্তী আরও তিনটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. রেজওয়ান উল ইসলাম।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের ট্রেনিং অ্যান্ড ক্যাম্পেইন স্পেশালিস্ট গাজী মহিবুর রহমান জাগো নিউজকে বলেন, আজ সচিবালয় এলাকাকে নীরব জোন বাস্তবায়নে চারটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। গত ২৫ জানুয়ারি বিমানবন্দর এলাকা থেকে আমরা এই অভিযান শুরু করি। আমরা নীরব এলাকাগুলোতে লাগাতার এই অভিযান পরিচালনা করবো।
তিনি বলেন, যেহেতু সাধারণ মানুষ এ বিষয়ে এখনো সম্পূর্ণ অবগত নয়, তাই বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন, লিফলেট বিতরণ, ক্যাম্পেইন কার্যক্রম ও মোবাইল কোর্ট চলমান আছে। ক্যম্পেইনের মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরির পাশাপাশি নিয়ম মানতে বাধ্য করছি। নীরব এলাকায় হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ।
গত রোববার (১ ফেব্রুয়ারি) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বেশ কিছু স্থানকে ‘নীরব এলাকা’ ঘোষণা দিয়ে এসব এলাকায় হর্ন বাজানো সাজার বিধানে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়। বলা হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে এই আইন কার্যকর হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানসহ তার চারপাশের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ বুঝাবে, অর্থাৎ এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ।
সকল সরকারি-বেসরকারি গাড়িচালককে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণপূর্বক বাংলাদেশ সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয় গণবিজ্ঞপ্তিতে।
কেআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ শবে বরাতে পুরান ঢাকায় হালুয়া-রুটির চাহিদা বেশি
- ২ সাংবাদিকদের তথ্য ফাঁসের ঘটনায় স্বাধীন তদন্ত চায় আর্টিকেল নাইনটিন
- ৩ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
- ৪ পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
- ৫ নোয়াখালীতে ফেরি সার্ভিসে অব্যবস্থাপনার অভিযোগ, তদন্ত কমিটি গঠন