ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-১০

গ্যাস সংকট, যানজট-জলাবদ্ধতা ও চুরি-ছিনতাই চান না ভোটাররা

মো. নাহিদ হাসান | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসন। রাজধানীর গুরুত্বপূর্ণ এ আসনটি বাণিজ্যিক ও আবাসিক—দুদিক থেকেই অত্যন্ত ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত। তবে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, তীব্র যানজট, জলাবদ্ধতা ও চুরি-ছিনতাই এখানকার মানুষের দৈনন্দিন জীবনে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ ও ভোটাররা এসব দুর্ভোগ থেকে মুক্তি চান।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাস সংকটের কারণে অনেক বাসাবাড়িতেই ঠিকমতো রান্নাবান্নার কাজ করা সম্ভব হচ্ছে না। দিনের পর দিন চুলায় আগুন না থাকায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়ছেন। এই সংকট বিশেষ করে শিশু, বয়স্ক ও কর্মজীবী মানুষদের জন্য আরও কষ্টকর হয়ে উঠেছে।

অন্যদিকে, নিউমার্কেট এলাকাটি যানজটের জন্য সবচেয়ে বেশি আলোচিত। এলাকাবাসী ও পথচারীরা বলছেন, সেখানকার যানজটের অন্যতম প্রধান কারণ অব্যবস্থাপনা। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানো, এলোমেলো পার্কিং এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ওই এলাকায় যানজট লেগে থাকে। এতে শুধু সাধারণ মানুষ নয়, শিক্ষার্থীরাও বছরজুড়ে মারাত্মক ভোগান্তির শিকার হন।

jagonews24

এছাড়া চুরি, ছিনতাইসহ নানান অপরাধও ঢাকা-১০ আসনের আরেকটি বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে সন্ধ্যার পর কিছু এলাকায় নিরাপত্তাহীনতা বেড়ে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এমন প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা-১০ আসনের ভোটারদের প্রত্যাশা অনেক। তারা চান, নির্বাচিত সংসদ সদস্য যেন গ্যাস সংকট ও নিউমার্কেট এলাকার যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেন।

এলাকাবাসীর আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ধানমন্ডি লেক আধুনিকায়ন। লেককে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও মনোরম করে গড়ে তোলার পাশাপাশি পর্যাপ্ত আলো, হাঁটাচলার পথ ও বিনোদন সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভোটাররা। সব মিলিয়ে ঢাকা-১০ আসনের মানুষ সমস্যাগুলোর টেকসই ও বাস্তবসম্মত সমাধান চান।

আসনটির নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা একটি নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অল্প বৃষ্টিতেই সড়ক ও অলিগলিতে পানি জমে। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদের দুর্ভোগও চরমে পৌঁছে।

jagonews24

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অপর্যাপ্ততা এবং নিয়মিত পরিষ্কারের অভাবকে এই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, শুধু সাময়িক সমাধান নয়—ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি।

নিউমার্কেট এলাকার বাসিন্দা সারোয়ার জাহান জাগো নিউজকে বলেন, এই এলাকার মূল সমস্যা যানজট৷ বাসা থেকে বের হয়ে নিউমার্কেট-কলাবাগান এলাকা পার হতেই ৪০ মিনিট সময় চলে যায়৷ কল্যাণপুরে অফিসে যেতে সময় লাগে এক থেকে দেড় ঘণ্টা। নিউমার্কেট থেকে শুরু করে আশপাশের প্রায় সব সড়কেই ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে৷ এসব দোকান না থাকলে পথচারীরা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারতো৷ সড়কে যানজটও কম হতো৷ এই এলাকার যানজট নিয়ন্ত্রণ এখন জরুরি হয়ে পড়েছে৷

ধানমন্ডি এলাকার বাসিন্দা দিলরুবা তাহসিন বলেন, আমাদের গ্যাস সংকট একটা বড় সমস্যা৷ ঠিকমতো গ্যাস পাই না৷ প্রতিদিন রান্না করতেই দুনিয়ার ভোগান্তি পোহাতে হয়৷ যিনিই এমপি নির্বাচিত হোন, আমরা গ্যাস সংকট নিরসন চাই৷

হাজারীবাগের বাসিন্দা মারুফ খন্দকার বলেন, এলাকার মানুষের নিরাপত্তা জরুরি৷ সন্ধ্যার পর বা রাতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে৷ রাতে বের হতে অনিরাপদ বোধ করি৷ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি৷ আশা করি যিনি এমপি হবেন এসব সমস্যার দিকে নজর দেবেন৷

কলাবাগান এলাকার বাসিন্দা মারজান ইবনে তফা বলেন, বর্ষা মৌসুমে বিভিন্ন সড়ক ও অলিগলিতে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এমন অবস্থা হয়, বাসা থেকে বের হতে পারি না৷ বাসার গেটে রিকশা ডেকে আনতে হয়৷ তখন ভাড়াও দিতে হয় বেশি। আবার অনেক সময় তাড়াহুড়ো থাকলেও রিকশা পাওয়া যায় না। এলাকার ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন দরকার৷ আমরা আর জলাবদ্ধতার ভোগান্তি চাই না৷

jagonews24

ধানমন্ডি জিগাতলা এলাকার বাসিন্দা ওমর এহসান বলেন, পরিবেশ রক্ষায় ধানমন্ডি লেকের যত্ন নেওয়া প্রয়োজন৷ পানি পরিষ্কার রাখা, লেকপাড়ে গাছ রোপণ করে লেকের মনোরম পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন৷ যেন সতেজ বাতাস পাওয়া যায়। আগামীর এমপির কাছে চাওয়া তিনি যেন পরিবেশ রক্ষার দিকে নজর দেন৷

যেসব এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন
ঢাকা-১০ বাংলাদেশের জাতীয় সংসদের ১৮৩ নম্বর আসন৷ এটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড তথা ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত।

ভোটার সংখ্যা
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন৷ এরমধ্যে পুরুষ ২ লাখ ৪ হাজার ৬০৪ জন, নারী ১ লাখ ৮৪ হাজার ৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

প্রার্থী যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শেখ রবিউল আলম (ধানের শীষ) প্রতীকে, জাতীয় পার্টির বহ্নি বেপারী (লাঙ্গল) প্রতীকে, জামায়াতে ইসলামীর জসীম উদ্দীন সরকার (দাঁড়িপাল্লা) প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল (হাতপাখা) প্রতীকে, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) আবু হানিফ হৃদয় (হাতি) প্রতীকে, বাংলাদেশ লেবার পার্টির আবুল কালাম আজাদ (আনারস) প্রতীকে, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নাসরীন সুলতানা (ঈগল) প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আনিছুর রহমান (ছড়ি) প্রতীকে, আমজনতার দলের আব্দুল্লাহ আল হুসাইন (প্রজাপতি) প্রতীকে ও জনতার দলের জাকির হোসেন (কলম) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এনএস/এমকেআর