ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আইনগত সহায়তা অধিদপ্তর গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা দিতে একটি অধিদপ্তর গঠন করেছে সরকার। সম্প্রতি আইনগত সহায়তা অধিদপ্তর গঠন করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার ‌‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ এর ধারা ৩-এ দেওয়া ক্ষমতাবলে, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করলো।

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর ধারা ৩-এ বলা হয়েছে, সরকার অবিলম্বে এই আইনের উদ্দেশ্য পূরণে সরকারি গেজেট প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করবে।

আইনগত সহায়তা দেওয়া আইনে অধিদপ্তরের কার্যাবলীর বিষয়ে বলা হয়েছে- অধিদপ্তর দরিদ্র ও সহায়-সম্বলহীন মানুষের জন্য আইনগত সহায়তা দেওয়া, জরুরি আইনগত সহায়তা ও আইনি পরামর্শ, মধ্যস্থতা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা, সংশ্লিষ্ট কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের দক্ষতা উন্নয়ন, সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়, আইনগত সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল পদ্ধতিতে সেবা সহজলভ্য করার বিষয়ে কাজ করবে।

পাশাপাশি গবেষণা ও প্রকল্প বাস্তবায়ন, রেফারেল সিস্টেম চালু, তৃণমূল পর্যায়ে কার্যক্রম তদারকি, বার্ষিক প্রতিবেদন প্রকাশসহ আইনের উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব কার্য সম্পাদনের দায়িত্বও অধিদপ্তরের ওপর ন্যস্ত করা হয়েছে।

আরএমএম/এমআইএইচএস/