ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে নতুন নিয়ম

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় ভিসাপ্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই ব্যবস্থায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে।

আইভ্যাক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম চালু করা হয়। একই দিনে সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলার কথা জানানো হয়। নতুন ব্যবস্থার আওতায় আজ ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

নতুন সিস্টেম অনুযায়ী, পরের দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে এজন্য আবেদনকারীকে অবশ্যই ওই দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাইনআপ ও ডকুমেন্ট আপলোড না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

এর আগে আইভ্যাক এক নোটিশে জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে এবং এর লিংক অফিসিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) ও পরবর্তী তারিখগুলোর জন্য সব অ্যাপয়েন্টমেন্ট স্লট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।

আরও পড়ুন
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দায় ‘পুরো সিস্টেমের’ : পররাষ্ট্র উপদেষ্টা 
ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা থমকে আছে, নতুন সরকারের সময় মসৃণ হবে 

আইভ্যাক সব আবেদনকারীকে সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য জারি করা নির্দেশিকাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার জন্য বিকেল সাড়ে ৫টার আগেই প্রয়োজনীয় ওয়েব ফাইল আপলোড সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালুর শুরুতেই জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে আইভ্যাক। সাইনআপ বাটনে ক্লিক করে ভিসার ওয়েব ফাইলে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিয়েই সাইনআপ করতে বলা হয়েছে। সাইনআপ প্রক্রিয়ায় একটি ওটিপি এসএমএসের মাধ্যমে এবং আরেকটি ইমেইলে পাঠানো হবে। প্রথমে ইমেইলে পাঠানো ওটিপি এবং পরে মোবাইলে পাঠানো ওটিপি সাবমিট করে ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ শেষ করতে হবে।

সাইনআপ সম্পন্ন হওয়ার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। লগইনের সময় মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতা প্রদর্শিত হবে। সেখানে প্রথমেই প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যা থেকে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর তথ্য সিস্টেমে যুক্ত হবে। ডকুমেন্ট আপলোডের পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে আবেদনকারীকে পুনরায় লগইন করতে হবে। লগইনের পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের জন্য একটি নির্বাচিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখাবে। প্রয়োজনে ওই স্লট একবার পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

জেপিআই/কেএসআর