ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

গণভোট: ‘হ্যাঁ’র পক্ষে ৮৯.৬০% ভোটার, জানেনই না ২৫ শতাংশ!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিনই একই সঙ্গে জুলাই সনদের ওপর গণভোট নেওয়া হবে। ‘হ্যাঁ’ ও ‘না’ অপশন রেখে এ ভোট নেওয়া হবে। এ গণভোট নিয়ে জনমনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এদিকে নির্বাচন সামনে রেখে সারাদেশে বিভিন্ন সংস্থা জরিপ পরিচালনা করছে। তাতে গণভোটের বিষয়েও মতামত নেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির (আইআইএলডি) জরিপে যারা মতামত দিয়েছেন, তাদের অধিকাংশই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন।

জরিপের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, গণভোট সম্পর্কে ২৫ শতাংশ মানুষ জানেন না। সেজন্য তারা মন্তব্যও দেননি। আর ১ দশমিক ৩০ শতাংশ ভোটার গণভোট নিয়ে কোনো মতামত জানাননি।

এর বাইরে যারা গণভোট সম্পর্কে জানেন, তাদের মধ্যে ৮৯ দশমিক ৬০ শতাংশ মানুষ ‘হ্যা’ ভোটের পক্ষে মত দিয়েছেন। ‘না’ ভোটের পক্ষে মতামত দিয়েছেন ৯ দশমিক ১০ শতাংশ ভোটার।

jagonews24

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনের একটি রেঁস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরা হয়। ‌‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: প্রাক-নির্বাচনি জনমত জরিপ’ শীর্ষক অনুষ্ঠানে জরিপের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন আইআইএলডির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির (আইআইএলডি) চূড়ান্ত নির্বাচনি জরিপ। এর আগে প্রথম দফায় গত ১২ জানুয়ারি তারা জরিপের ফল প্রকাশ করেছিল।

এএএইচ/এমআইএইচএস/