ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ বিজিবি মহাপরিচালকের

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার চট্টগ্রাম-৬ আসনের অন্তর্গত রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এবং চট্টগ্রাম-২ আসনের অন্তর্গত ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে এ নির্দেশনা দেন তিনি।

এসময় তিনি বেইজ ক্যাম্পে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন। মহাপরিচালকের পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিজিবি মহাপরিচালক চট্টগ্রামের স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সব দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত।

ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

এমডিআইএইচ/এমআইএইচএস