নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় কমনওয়েলথ প্রতিনিধিদল
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান নানা আকুফো-আদো/ছবি সংগৃহীত
নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছেন। পর্যবেক্ষক দলের প্রধান হিসেবে রয়েছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদো। রোববার (৮ ফেব্রুয়ারি) তারা ঢাকায় পৌঁছান।
এক বার্তায় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান নানা আকুফো-আদো বলেন, গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা এর সনদে অন্তর্ভুক্ত একটি মৌলিক বৈশ্বিক মূল্যবোধ।
কমনওয়েলথের নীতিতে জনগণের স্বাধীনভাবে তাদের ইচ্ছা প্রকাশ এবং নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য এসব গুরুত্বপূর্ণ মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসে। দলটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি ও সামগ্রিক পরিবেশ মূল্যায়ন করবে।
পর্যবেক্ষক দলের কার্যক্রমের মধ্যে রয়েছে প্রাথমিক পর্যবেক্ষণ, ভোটগ্রহণের দিন সরাসরি পর্যবেক্ষণ এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা।
এদিকে, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে আসা এই বিশেষ দলটি ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে, যেখানে তাদের পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়নের ফলাফল তুলে ধরা হবে।
জেপিআই/বিএ/এএসএম