ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে উড়িয়েও দিচ্ছি না: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নির্বাচনে জঙ্গি হামলার তীব্র আশঙ্কা বোধ করছি না, আবার হামলার আশঙ্কা উড়িয়েও দিচ্ছি না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে ওই রকম জঙ্গি হামলার তীব্র আশঙ্কা বোধ করছি না। তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। ফুলফ্রেম ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে।

আইজিপি বলেন, আমাদের মূলত আশঙ্কা ছিল প্রচারের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে তথাকথিত ডেমোক্রেসি তাদের সঙ্গে মেলে না। তারা হয়তো কিছু করতে পারে, তবে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা রিলিফ। জঙ্গি হামলার আশঙ্কা ওইভাবে নেই।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার, বিজিবি এবং ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে স্ট্যাটিক ফোর্স, এর বাইরে থাকবে মোবাইল টিম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স।

বাহারুল আলম বলেন, এবার নির্বাচনে নিরাপত্তায় প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে প্রায় ৮০-৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি জেলা পুলিশ সুপাররা প্রয়োজন অনুযায়ী ড্রোন ক্যামেরা ব্যবহার করবেন।

সাম্প্রতিক সময়ে ৩ হাজার অপরাধী ও ৩৫২ জন শুটারের তালিকা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে আইজিপি বলেন, এই তালিকাটি কার, সেটা আমি নিশ্চিত নই। সংখ্যা ৩ হাজার বেশি বা কম হতে পারে। তবে ১৮ কোটি মানুষের দেশে এই সংখ্যক অপরাধী নির্বাচন বানচাল করতে পারবে—এমন আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, কোথাও বিচ্ছিন্ন অপরাধ, ডাকাতি বা হত্যাকাণ্ড ঘটতে পারে, কিন্তু তা পুরো নির্বাচনকে ব্যাহত করার মতো শক্তি নয়।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

টিটি/জেএইচ