ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শেষ মুহূর্তে ভোটারদের তথ্য দিয়ে সহায়তা করছে ‘স্লিপ বিতরণ কেন্দ্র’

আশিকুজ্জামান | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর টিকাটুলি এলাকায় ওমর ফারুক এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়া এই শিক্ষার্থী ভোটের আগে খুঁজছিলেন তার ভোটকেন্দ্র কোথায়। পরে এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থীর ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র থেকে নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের ভোট সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন তিনি।

দরজায় কড়া নাড়ছে ভোট। শেষ মুহূর্তে ওমর ফারুকের মতো অনেক ভোটারই খুঁজছেন, কোথায় তাদের ভোটকেন্দ্র। ভোটারদের এই চাহিদা পূরণে ঢাকা-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র খুলে ভোট প্রদান সহজ করতে সহায়তা করছেন।

ঢাকা-৬ আসনের মধ্যে রয়েছে পুরান ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি (আংশিক) থানা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। এখানে মোট ১০০টি ভোট কেন্দ্র রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে এই আসনের অলিগলি ঘুরে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীদের এমন একাধিক ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র দেখা গেছে। স্থানীয় ভোটাররা এসব কেন্দ্রে এসে তাদের ভোটকেন্দ্র, কেন্দ্র নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।

একটি ভোটার স্লিপ বিতরণ কেন্দ্রে সেবা দিচ্ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীন টিকাটুলি ইউনিট সভাপতি আব্দুল জলিল। জামায়াতের এই নেতা জাগো নিউজকে বলেন, ভোটাররা যেন সহজে তাদের ভোটকেন্দ্র এবং ভোট সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে পারেন, সেই সুবিধার্থেই এই আয়োজন করা হয়েছে। মানুষজন আগ্রহ নিয়ে আমাদের কাছে সেবা নিচ্ছেন। আমরা একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি।

একটু দূরে আরেকটি ভোটার স্লিপ বিতরণ কেন্দ্রে সেবা দিচ্ছিলেন ওয়ারী থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তারেক রহমান। তিনি সেবা সম্পর্কে বলেন, আমরা মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ভোটারদের ভোট সংক্রান্ত সব তথ্য জানাতে পারছি। একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে প্রিন্ট করে ভোটারদের ভোট সংক্রান্ত তথ্যের স্লিপটি দেওয়া হচ্ছে।

jagonews24

ভোটার স্লিপ বিতরণ কেন্দ্র থেকে দেওয়া স্লিপে ভোটারদের তথ্যের পাশাপাশি আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নাম ও প্রতীকের তথ্যও যুক্ত করা হচ্ছে।

এর আগে ভোটার স্লিপে প্রার্থী ও প্রতীকের নাম না থাকার বিধান থাকলেও মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এখন থেকে ভোটার স্লিপে প্রার্থী ও প্রতীকের নাম লেখা যাবে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) বলেন, আগে নিয়ম ছিল ভোটার স্লিপে কোনো প্রার্থীর নাম বা প্রতীক থাকতে পারবে না। এই বিধান সংশোধন করা হয়েছে। সুতরাং এখন থেকে ভোটার স্লিপে প্রার্থী ও প্রতীকের নাম লেখা যাবে। ভোটার স্লিপের আয়তন ঠিক রেখে সেখানে প্রার্থীর নাম বা প্রতীক সংযুক্ত করা যাবে।

নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের এমন তথ্যসেবা ভোটগ্রহণে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজেই ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানতে চারটি সহজ পদ্ধতি

গণভোট ও সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান আরও সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ

ভোটাররা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্মতারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

হটলাইন ১০৫-এ কল

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দেশের যে কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্মতারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

১০৫ নম্বরে খুদেবার্তা পাঠিয়ে

মুঠোফোনের মাধ্যমে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়েও মাধ্যমেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলে ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজার সুবিধা রয়েছে।

এক্ষেত্রে নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে অথবা এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। পাশাপাশি গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এমডিএএ/বিএ