ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

১৫ প্রার্থী ঘিরে তেজগাঁওয়ে ভোট উত্তাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

তেজগাঁও আসনে ১৫ জন সংসদ সদস্য প্রার্থীকে ঘিরে ভোটের উত্তাপ ছড়িয়েছে এলাকাজুড়ে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। প্রার্থীদের সম্ভাবনা, জয়-পরাজয়ের হিসাব আর নানা সমীকরণ নিয়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসন ঘিরে উত্তেজনা ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। এর মধ্যে অনেকে ফজরের নামাজ শেষ করেই ভোটার কেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন।
 
সকাল ৭টায় সরেজমিনে দেখা যায়, তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন অর্ধ শতাধিক দিক ভোটার। আর সামনের রাস্তায় প্রার্থীদের শতাধিক লোক দাঁড়িয়ে আছে। এর মধ্যে ফুটবল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরবের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। কিছুক্ষণ পরপর রিকশা দিয়ে সাইফুল আলম নীরবের সমর্থকরা কেন্দ্রের সামনে আসছেন। আর কেন্দ্রের পূর্ব পাশে জামাতে ইসলামের সমর্থক জড় হয়ে আছেন। তারা তাদের ক্যাম্প থেকে টোকেন সংগ্রহ করছেন। সকাল ৭টা ১০ মিনিটে ভোটাররা ভেতরে ঢুকেন।

১৫ প্রার্থী ঘিরে তেজগাঁওয়ে ভোট উত্তাপ


অন্যদিকে সকাল থেকেই পোলিং এজেন্টদের প্রবেশে কাগজপত্র যাচাইসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি কেন্দ্রের সামনে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করা হচ্ছে। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। 

তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর এ তিনটি থানা এলাকা নিয়ে গঠিত সংসদীয় এ আসনটিতে এবার মোট প্রার্থী ১৫ জন। যা দেশের ৩০০টি আসনের মধ্যে একক কোনো আসনে প্রার্থীর হিসাবে সবচেয়ে বেশি। এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ২০ জন। 
 
এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সাইফুল আলম খান মিলন; ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ও কোদাল প্রতীকে বিএনপি জোটের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হয়েছেন সাইফুল হক।
 
ভোটাররা বলছেন, ওই আসনে তিন সাইফুলই শক্ত প্রতিদ্বন্দ্বী। তবে সাইফুল আলম নীরব ও সাইফুল হকের কারণে দ্বিধায় পড়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ভোটাররা। তাদের কেউ কেউ জোটের প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন। আবার অনেকে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নীরবকে সমর্থন দিচ্ছেন। আবার বিএনপির কিছু ভোটার এখনো আছেন সিদ্ধান্তহীনতায়।
 
আসনটিতে কোদাল আর ফুটবলের মধ্যে বিএনপির ভোট ভাগ হওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে তারই সুযোগ নিচ্ছেন জামায়াত প্রার্থী সাইফুল আলম খান মিলন। ফলে স্থানীয় ভোটারদের কেউ কেউ বলছেন, এ সুযোগ কাজে লাগিয়ে আসনটিতে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়ে যেতে পারেন দাঁড়িপাল্লার প্রার্থী।

১৫ প্রার্থী ঘিরে তেজগাঁওয়ে ভোট উত্তাপ
 
এদিকে, ঢাকা-১২ আসনে আলোচনায় আছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের আরেক শরিক গণসংহতি আন্দোলনের নেত্রী তাসলিমা আখতার। তার নির্বাচনি প্রতীক মাথাল। আবার একই আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নির্বাচন কমিশনের সামনে অনশন করে দলের নিবন্ধন পাওয়া আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তার প্রতীক প্রজাপতি। সব মিলিয়ে এ আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

উল্লিখিত পাঁচ প্রার্থী ছাড়াও আসন্ন নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কল্লোল বণিক, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মাদ শাহজালাল, সিংহ প্রতীকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মোমিনুল আমিন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সরকার মোহাম্মদ সালাউদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, কলম প্রতীকে জনতার দলের ফরিদ আহমেদ, আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সালমা আক্তার, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মুনতাসির মাহমুদ, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের আবুল বাশার চৌধুরী এবং কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির মোহাম্মদ নাঈম হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএমএ/জেএস/