‘পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো, এটাই আনন্দের’
যাত্রাবাড়ীর মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, ছবি: জাগো নিউজ
জীবনে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন মাতুয়াইল কেরানীগঞ্জ পাড়ার বাসিন্দা মো. ইমরান। ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ীর মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ৮টার দিকে তিনি লাইনে দাঁড়িয়ে ছিলেন।
ইমরান খান জাগো নিউজকে বলেন, আমার ৩০ বছরের জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছি। খুবই ভালো লাগছে। এবারের ভোটের পরিবেশ অন্যান্য সময়ের মতো নয়, ভিন্ন। মন খুলে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি, এটাই আনন্দের।
ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, নিরাপত্তার কোন ঘাটতি নেই। নির্ভয়ে ভোট দিতে পারছি। খুবই ভালো পরিবেশ।

ভোট দিতে এসেছেন ৬০ বছর বয়সী যাত্রাবাড়ী খুড়িয়াপাড়ার বাসিন্দা মো. মজিবুর রহমান। তিনি বলেন, ‘জীবনে অনেক ভোট দিয়েছি। মাঝখানে অনেকদিন দিতে পারিনি। পরিবেশ ভালো বলে এবার দিচ্ছি। ভয়-ভীতি মুক্ত পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছি, এটা একটা বড় বিষয়।’
মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওবায়দুর রহমান জাগো নিউজকে বলেন, আমার এখানে ২৭৯৯ জন ভোটার, ছয়টি বুথে আমরা ভোট নিচ্ছি। আমরা নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করেছি। নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে।
ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা, কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এ আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।
ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। মূলত এ তিন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে।
আরএমএম/জেএস/