ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

‌‘ভোট জায়গা মতো দিয়েছি’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। এই সুযোগ হাতছাড়া করতে চাই না। বিগত সময়ে আমরা যাদেরই ভোট দিয়েছি, তারা জনগণের চেয়ে নিজেদের পকেট ভারি করেছে বেশি। যার ফলশ্রুতিতে দেশে গণঅভ্যুত্থান ঘটে। এই পরিবর্তিত সময় আমরা আর হাতছাড়া করতে চাই না। আমরা নতুন কাউকে ক্ষমতায় দেখতে চাই। এজন্য ভোটটা জায়গা মতো দিয়েছি।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটায় তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়ে জাগো নিউজকে এসব কথা বলেন ভোটার কামরুল আলম। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ‘জায়গা মতো ভোট দিয়েছি’ বলতে তিনি কোন দল বা প্রতীককে ভোট দিয়েছেন? এমন প্রশ্নের জবাবে কামরুল বলেন, জায়গা মতো বলতে কোন প্রতীককে বলেছি তা বুঝে নেন। 
 
সকাল সাড়ে ৮টায় আরেক ভোটার হাসান হাবিব বলেন, এবারে জাতীয় নির্বাচন ও গণভোটের পরিবেশ বিগত যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো। ভোটকেন্দ্র ঘিরে কোন দলাদলি, হানাহানি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। মানুষ তার পছন্দের প্রার্থীকে থেকে ভোট দিয়ে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছেন।
 
তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর—এ চারটি থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। এ আসনটিতে এবার মোট প্রার্থী ১৫ জন। যা দেশের ৩০০টি আসনের মধ্যে একক কোনো আসনে প্রার্থীর হিসাবে সবচেয়ে বেশি। এ আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ২০ জন। 
 
এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সাইফুল আলম খান মিলন, ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ও কোদাল প্রতীকে বিএনপি জোটের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হয়েছেন সাইফুল হক, মাথাল প্রতীকে গণসংহতি আন্দোলনের নেত্রী তাসলিমা আখতার, প্রজাপতি প্রতীকে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কল্লোল বণিক, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মাদ শাহজালাল, সিংহ প্রতীকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মোমিনুল আমিন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সরকার মোহাম্মদ সালাউদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, কলম প্রতীকে জনতার দলের ফরিদ আহমেদ, আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সালমা আক্তার, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মুনতাসির মাহমুদ, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের আবুল বাশার চৌধুরী এবং কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির মোহাম্মদ নাঈম হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এমএমএ/জেএইচ