ভোটের দিনে রিকশার চাহিদা তুঙ্গে, বেড়েছে ভাড়া
রিকশায় করে ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররা, ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
রাজধানীর মিরপুর ৬০ ফিট থেকে ধানমন্ডি সরকারি বয়েজ হাইস্কুলে ভোট দিতে এসেছেন সরকারি চাকরিজীবী মো. আহসান উদ্দীন। ভোটকেন্দ্রে নেমে ভাড়া দেওয়ার সময় রিকশাচালকের সঙ্গে কিছুটা বাগবিতণ্ডা হয়। ৮০ টাকার ভাড়া চালক দাবি করেন ১৫০ টাকা। পরে ১২০ টাকায় মিটমাট হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর, আগারগাঁও, ধানমন্ডি, কারওয়ান বাজার, শাহবাগ ঘুরে দেখা যায় সব সড়কে রিকশার দাপট।
ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে গণপরিবহন ও অন্যান্য যানবাহন সীমিত থাকায় বেশিরভাগ ভোটারই রিকশায় করে কেন্দ্রে আসছেন। এতে রিকশার চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়াও বৃদ্ধি পেয়েছে।

ধানমন্ডি সরকারি বয়েজ হাইস্কুল থেকে ভোট প্রদান শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য একটি রিকশা ঠিক করেন জাকির হোসেন। তবে চালক ভাড়া চান ২০০ টাকা। নিরুপায় হয়ে জাকির ২০০ টাকায় উঠে পড়েন রিকশায়।
ভোট দিতে আসা সোহান ইসলাম বলেন, গাড়ি চলছে না। তাই বাধ্য হয়ে রিকশায় আসতে হয়েছে। ভাড়া একটু বেশি নিয়েছে, তবুও ভোট দিতে এসেছি।

গ্রীন রোডের রিকশাচালক বাবুল মিয়া বলেন, আজ যাত্রী বেশি। সকাল থেকেই কেন্দ্রের দিকে ট্রিপ দিচ্ছি। গাড়ি কম থাকায় আমাদের ওপর চাপও বেশি।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গণপরিবহন সীমিত থাকলেও ভোটারদের অংশগ্রহণে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
টিটি/জেএস