ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দলীয় কার্ড নিয়ে ভোটকক্ষে অবস্থান, অভিযোগ আরিফের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, বাহিরে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন দেখছি। খুব বেশি জটিলতা দেখিনি। তবে বিএনপির পোলিং এজেন্টরা দলীয় কার্ড নিয়ে ভোটকক্ষে অবস্থান করছে। তাদের গলায় ধানের শীষ, প্রার্থী ও তারেক রহমানের ছবি রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন ঢাকা-১৮ আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট ও এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

এনসিপির এই প্রার্থী বলেন, প্রথমে আমাদের বেশ কয়েকজন ভোটার অভিযোগ করছেন। সরকারি ওয়েবসাইটে তাদের নম্বর দিলে সেখানে ভুল তথ্য আসছে। ফলে এই যে এখানের প্রিন্ট কপির সঙ্গে তার অনলাইনের যে তথ্য সেটা গ্যাপ হচ্ছে। এতে অনেক ভোটাররা হয়রানি হচ্ছে।

আরিফুল ইসলাম বলেন, এই যে দলীয় আইডি কার্ড ঝুলিয়ে পোলিং এজেন্ট দায়িত্ব পালন করলো ও সেখানে সহকারী প্রিজাইডিং অফিসার যারা ছিল তারা বাধা দেয়নি। ফলে ভোটাররা প্রভাবিত হয়। কারণ ভোটাররা এখানে নিয়মই আছে যে ৪০০ গজ এরিয়ার ভেতরে আপনি বুথ বসাতে পারবেন না। কিন্তু আবার যেখানে ভোট দিবে, সেই জায়গায় ধানের শীষের দলীয় আইডি কার্ড নিয়ে বসে আছেন ও সেটা সহকারী যারা আছেন এবং এখানের দায়িত্বে যারা আছেন তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এটা তো খুবই বাজে কাজ হচ্ছে।

আরিফ বলেন, বাহিরে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে দেখছি খুব। বেশি জটিলতা দেখিনি। তবে বেশ কিছু জায়গায় আমাদের বিভিন্ন কেন্দ্রের আশেপাশে বা দূরে যে ব্যানার ছিল সেই ব্যানারগুলো অনেকেই রাতের আধারে নামিয়ে ফেলছে।

তিনি বলেন, এখানে তাকে (প্রিজাইডিং অফিসার) ডেকে বলছি। মানে শুধু অভিযোগ জানানো না তাকে এনে মিডিয়ার সামনে দেখিয়েছি। তার সহকারীদের সঙ্গে তিনি বাগবিতণ্ডা করছেন। কিন্তু বলছেন যে ব্যবস্থা নিবেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখিনি।

ওই পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো তারা রয়েছে। ব্যাখ্যা দিয়ে আরিফুল ইসলাম আরও বলেন, পোলিং এজেন্টেররা এখানে ধানের শীষের প্রতীক ও এসএম জাহাঙ্গীরের ছবি এবং তারেক রহমানের ছবিসহ যে তাদের দলীয় যে কার্ড রয়েছে সে দলীয় কার্ড নিয়ে দায়িত্ব পালন করছে। এখানকার যে অফিসার তারা তাদের কোনো ধরনের বাধা দেয়নি।

এ বিষয়ে ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন একই কেন্দ্রে সাংবাদিকদের বলেন, আমার পোলিং এজেন্ট তো আমার বেস পরেই থাকবেন। পোলিং এজেন্ট কার এজেন্ট? এস এম জাহাঙ্গীর এর এজেন্ট। তা না হলে আমার চেয়ে পোলিং এজেন্ট আছে, তার আইডেন্টিটি কি? এটা একটা রেওয়াজ। কারণ সে যে প্রার্থী বা মার্কার পক্ষে যায় তার সিম্বোলিক কার্ডটা তার গলায় থাকে। এটা তো দোষের কিছু না। আমার ৫৭ বছর বয়স। ৪০ বছর আগে যখন ভোটার হয়েছি, আমিও পোলিং এজেন্ট ছিলাম, তখনও এভাবে কার্ড ঝুলিয়ে রেখেছি। এখানে অপরাধ কোথায় আমি বুঝতেছি না।

ইএইচটি/জেএস