ঢাকা-৮ এ নির্বাচনি উত্তেজনা, এজেন্ট প্রবেশ নিয়ে অভিযোগ
শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী, ছবি: জাগো নিউজ
রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী। কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি দাবি করেন, এটি গণতান্ত্রিক পরিবেশ নয়, বরং প্রভাবশালীদের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা।
রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করে অনিয়ম ও এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি নির্বাচনি পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের এ প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রটি পরিদর্শনে এসে তিনি এসব অভিযোগ করেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘প্রশাসনের লোকজন চেকিং করেনি, চেকিং করেছে দলীয় গুণ্ডা-সন্ত্রাসীরা। মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এটা গণতন্ত্র নয়, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে।
তিনি দাবি করেন, কেন্দ্রের ভেতরে প্রবেশে তাদের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ‘শুধু নাম যেখানে আছে, সেই জায়গাটা খোলা রাখা হয়েছে। আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। পাওয়ার দেখানো হয়েছে। নিজ বাড়ির ক্ষমতা দেখানো হচ্ছে।’
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে শাপলা কলি প্রতীকের এই প্রার্থী বলেন, ‘লাঙ্গল ও ধান মিলেমিশে একাকার হয়ে গেছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করছে। এর পেছনে কারা আছে, তা জনগণ বুঝে গেছে।
তবে ভোটারদের সাড়া পাচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। অনেকে ভয় নিয়ে কেন্দ্রে আসছেন। কেউ কেউ স্লিপ নিয়ে এসেছেন, কিন্তু অন্তরে শাপলা কলিকেই ভোট দিচ্ছেন।’
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ঢাকায় শাপলা কলির বিজয় হবে। তবে এই বিজয় আমার না, শহীদ উসমান হাদি ভাইয়ের। অনেকে আমাকে বলেছেন, তারা এই ভোট শহীদ উসমান হাদি ভাইকে উৎসর্গ করছেন। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা যারা কটু কথা বলেছে, এমনকি মারধর করেছে, তাদেরও ক্ষমা করে দিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব করে, তাদের বাংলার জমিনে কোনো স্থান নেই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের ওপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, কেউ হামলা করলে প্রশাসনকে জানাতে। তবে প্রশাসনের সামনে যদি আমাদের ওপর আঘাত করা হয়, আমরা পাল্টা জবাব দেব।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না। ৯০ মিনিট খেলার মতো শেষ পর্যন্ত থাকুন। খেলা থেকে উঠে যাবেন না।
ইএআর/জেএস/